দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলালুদ্দীন বলেন, এ দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। নিহত সকলের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। গুরুতর আহতদের ভাঙ্গা, ফরিদপুর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ডিম বোঝাই ট্রাকটি ঢাকা থেকে খুলনার দিকে যাচ্ছিল। সাওয়াদী বাসস্টপ এলাকায় পৌঁছালে টায়ার ফেটে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ডিমগুলো সড়কে ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা ডিম সংগ্রহে এগিয়ে আসেন। ঢাকা থেকে নড়াইলগামী নড়াইল এক্সপ্রেসের একটি বাস ডিম তুলতে গিয়ে স্থানীয়দের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত এবং অন্তত সাতজন আহত হন।
ঘটনার প্রত্যক্ষদর্শী আলগী ইউনিয়নের সোয়াদী বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা শোবু চক্রবর্তী বলেন, যাত্রীবাহী বাসটি মহাসড়কে ডিম সংগ্রহকারী লোকজনের ওপর দিয়ে চলে যায় এবং এতে হতাহতের ঘটনা ঘটে। বাস দ্রুত গতিতে চলছে।
