বগুড়া মহানগরীতে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের লতিফপুর কলোনীর প্রীতি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম আরিফ শেখ (৩৫)। সে লতিফপুর কলোনী এলাকার আজিজ শেখের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ছয়টি মামলা রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টাকা ভাগাভাগিসহ বিভিন্ন বিষয় নিয়ে আরিফ শেখের সঙ্গে সহযোগীদের বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে গতকাল রাত ১২টার দিকে আরিফকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে সেখানে ফেলে রাখা হয়। বেলা ১টার দিকে স্থানীয় লোকজন লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
তবে নিহত আরিফের বোন রুমি শেখের দাবি, আরিফ বাদল নামে এক ব্যক্তির কাছ থেকে ১০ লাখ টাকা পেতেন। সেই টাকা ফেরত দাবি নিয়ে বিরোধ দেখা দেয়। ফলে ভাড়াটে কিলারের হাতে খুন হন আরিফ।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী একজন নিহতের খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, হত্যার কারণ এখনো জানা যায়নি। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
